এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হলের একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে কাচের টুকরা ও ককটেলের গুঁড়া কক্ষের ভেতরে বিছানায় ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে কক্ষে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।

বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব জানান, বিস্ফোরণে জানালার কাচ ভেঙে তাঁর বিছানায় কাচের টুকরা ও ককটেলের গুঁড়া পড়ে। তবে ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪ নম্বর কক্ষে থাকায় অক্ষত থাকেন।

তিনি আরও জানান, হলটিতে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে। এ সময় বুয়েট প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190498