দ্রুতই নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ক্রীড়া শিক্ষক : ক্রীড়া প্রতিমন্ত্রী

দ্রুতই নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ক্রীড়া শিক্ষক : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : দেশের ৪৯৫টি উপজেলায় ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এর ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়ানোর ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৪৯৫টি উপজেলায় প্রতিটি আটটি ক্রীড়া ইভেন্টের জন্য তিনজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ হিসাবে মোট ১১ হাজার ৮৮০টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় শনাক্ত ও বিকাশের পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190490