দেশজুড়ে সিন্ডিকেটে জিম্মি রোগীরা এক্স-রে ফিল্মের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি

দেশজুড়ে সিন্ডিকেটে জিম্মি রোগীরা এক্স-রে ফিল্মের দাম এক লাফে দ্বিগুনেরও বেশি

স্টাফ রিপোর্টার: এক লাফে দ্বিগুণেরও বেশি বেড়েছে চিকিৎসাখাতে ব্যবহৃত অতিপ্রয়োজনীয় এক্স-রে ফিল্মের দাম। এরফলে বিপাকে পড়ছে রোগীরা। বিশেষ করে সড়ক দুর্ঘটনাসহ যে কোনো কারণে হাড় ভাঙা বা হাড়ে আঘাত পাওয়া, ফুসফুসের সংক্রমণ, কিডনীতে পাথর এবং বুকে ব্যথার মতো জরুরি উপসর্গ নিয়ে এক্স-রে করতে আসা দরিদ্র ও নিম্নবিত্ত রোগীরা ভোগান্তিতে পড়ছে।

আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা চিকিৎসা খাতের অতিপ্রয়োজনীয় এই উপাদানের দাম বৃদ্ধি করেছে। অনুসন্ধানে দেখা যায়, দেশের চিকিৎসাক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ বাই ১৪ সাইজের ডিআইএইচএল মডেলের (এনআইএফ ১৫০ শিট) এক বক্স ফিল্মের দাম ৪-৫ মাস আগেও ছিল ১২ হাজার ৮০০ থেকে ১৩ হাজার ৫০০ টাকা, যা কোনো যৌক্তিক কারণ ছাড়াই এক লাফে ২৫ হাজার ৫শ’ থেকে ২৮ হাজার টাকা করা হয়। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে এই ফিল্মের দাম বেড়েছে প্রায় শতভাগ।

একইভাবে, ৪-৫ মাস আগে ১২ হাজার ৮০০ থেকে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের তুলনামূলক কম ব্যবহৃত ১৪ বাই ১৭ সাইজের প্রতি বক্স ফিল্মের দাম এক লাফে বেড়ে ২১ হাজার থেকে ২৬ হাজার টাকা এবং ছোট আকারের ৮ বাই ১০ সাইজের প্রতি বক্স ফিল্ম প্রায় ১২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, বাজারে এক্স-রে ফিল্মের কোনো সংকট বা সরবরাহের ঘাটতি নেই। তবে দাম বাড়ার এই প্রভাবটি সরাসরি পড়ছে রোগীদের উপর।

বগুড়া মহানগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করতে আসা নাহিদা বেগম নামে নামে এক রোগী ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি হাসপাতালে দীর্ঘ সিরিয়াল ও নানা সীমাবদ্ধতার কারণে বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আসতে হয়েছে। কিছুদিন আগে সরকারি হাসপাতালে এই এক্স রে করতে ২শ’ টাকা লেগেছে, কিন্তু এখন এখানে করতে এসে দেখি প্রায় ১২শ’ টাকা লাগছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এক প্যাথলজিস্ট জানান, এক্স-রে প্লেটের দাম বাড়ার কারণে কয়েক মাস আগেও যে এক্স-রে করাতে রোগীদের গুনতে হয়েছে ৮শ’ থেকে হাজার টাকা এখন সেখানে খরচ পড়ছে ১২শ’ থেকে ১৬শ’ টাকা। অপরদিকে ৪শ’ টাকার এক্সরে করাতে এখন তাদের ৮শ’ টাকা খরচ করতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আমদানিকৃত এসব এক্স-রে ফ্লিমের দাম অন্য কোনো দেশে না বাড়লেও বিশ্ববাজারে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে ঢাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগ-সাজসে দেশের বিভিন্ন জেলা ও উপজেলাগুলোর কিছু সার্জিক্যাল সামগ্রী ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে এক্স-রে ফ্লিমের দাম বাড়িয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার এক ফার্মেসী ব্যবসায়ী জানান, মূলত বগুড়ার নির্দিষ্ট কয়েকটি বড় সার্জিক্যাল ব্যাসায়ী ও আমদানিকারক চক্র পারস্পরিক যোগসাজশে দেশব্যাপী এই মূল্যবৃদ্ধি ঘটিয়েছে।

এক্স-রে ফিল্ম কোনো বিলাসী সামগ্রী না হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে এই পরীক্ষা করতে হয়। ফিল্মের দাম এভাবে হঠাৎ দ্বিগুণ হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো টেস্টের ফি বাড়াতে বাধ্য হচ্ছে, এর ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ রোগীরা।

তিনি বলেন, ডলারের মূল্যবৃদ্ধির কারণে দাম কিছুটা বাড়তে পারে, কিন্তু দেশজুড়ে এক লাফে দাম দ্বিগুণ হওয়া কোনো নিয়মের মধ্যে পড়ে না। বাজারে ফিল্মের পর্যাপ্ত স্টক রয়েছে। এটা সম্পূর্ণ মানবসৃষ্ট ও কৃত্রিম উপায়ে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার একটি উপায়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনাসহ যে কোনো কারণে হাড় ভাঙা বা হাড়ে আঘাত পাওয়া, ফুসফুসের সংক্রমণ, কিডনীতে পাথর ও নাড়িভুড়ি ফুটো এবং বুকে ব্যথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন রোগীর চিকিৎসার প্রয়োজনে এক্স-রে করাতে হয়।

কিন্ত গত কয়েক মাস ধরে এক্স-রে ফ্লিমের দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় রোগীরা বিশেষ করে দরিদ্র রোগীরা অর্থনৈতিক সংকটে পড়ছে। আর এর প্রভাব সরকারি বেসরকারি সকল জায়গাতেই পড়বে’। তিনি জানান, এই হাসপাতালে একটি মাত্র ডিজিটাল এক্সরে মেশিন থাকায় এমনিতে প্রতিদিন যে পরিমান রোগী আসে তার অর্ধেক আমরা এক্স রে করতে পারি না।

এদিকে প্লেটের দাম বৃদ্ধির কারণে এখনও এর প্রভাব না পড়লেও কিছুদিনের মধ্যে পড়বে। কেননা আমরা টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে চিকিৎসা সামগ্রগুলি কিনি। এক্স-রে প্লেটের বরাদ্দ একই থাকলে ঠিকাদার পর্যাপ্ত ও ভালোমানের প্লেট দিতে পারবে না বলে আমরা আশঙ্কা করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190480