বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে উত্থাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ বিল উত্থাপন করেন।

প্রস্তাবিত এই আইনের মূল উদ্দেশ্য হলো বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকায় পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা।

বিলটি আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন জমার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, এই কর্তৃপক্ষ ওই অঞ্চলের পরিবেশগত ও বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করবে। পাশাপাশি আধুনিক নাগরিক সুবিধার প্রসার ঘটানো এবং অধিবাসীদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।

প্রস্তাবিত কর্তৃপক্ষের এখতিয়ার বগুড়া সিটি করপোরেশন এলাকা এবং সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত হবে।

বিলে উল্লেখ করা হয়েছে, সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখে আইনটি কার্যকর হবে।

উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে আরও বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমৃদ্ধির কারণে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বগুড়ায় পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি বিশেষায়িত উন্নয়ন কর্তৃপক্ষ প্রয়োজন ছিল।

বিবৃতিতে জানানো হয়, বিদ্যমান চারটি উন্নয়ন কর্তৃপক্ষ—রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলেই প্রস্তাবিত এই কর্তৃপক্ষ গঠন করা হবে।

এর আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা গত ২৩ জুলাই খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।

এছাড়া প্রস্তাবিত আইনটি একটি ‘অর্থ বিল’ হওয়ায় সংসদে উপস্থাপনের আগে ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বিভাগের মাধ্যমে এ বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190454