বগুড়ায় বেগম হত্যা মামলায় রাশেদুলের জামিন নামঞ্জুর

বগুড়ায় বেগম হত্যা মামলায় রাশেদুলের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া সদর উপজেলার গোপালবাড়ী পশ্চিমপাড়ায় বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে বেগমকে (৫৫) হত্যা মামলার হাজতি আসামি রাশেদুল কসাইয়ের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। তিনি ওই গ্রামের জিল্লার কসাইয়ের ছেলে। আজ সোমবার (৯ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, পারিবারিক বিষয় নিয়ে বিবাদের জের ধরে ওই আসামিসহ অন্যান্য আসামিরা গত ১৭ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০ টার দিকে বগুড়া সদর উপজেলার গোপালবাড়ী পশ্চিমপাড়ার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে মান্না মন্ডলের স্ত্রী বেগম এবং তার ছেলে তুফান মন্ডল, মেয়ে মিলি এবং সাহেদকে আহত করে।

আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি রাত ১টার দিকে বেগম মারা যান। এব্যাপারে নিহত বেগমের ছেলে তুফান মন্ডল বাদি হয়ে বগুড়া সদর থানায় ওই আসামিসহ চারজনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ, অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আশরাফুল ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190453