অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে সিসার ঝুঁকি
করতোয়া ডেস্ক : বাংলাদেশের রান্না ঘরের অন্যতম পরিচিত জিনিস হচ্ছে বিভিন্ন অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল। এগুলোর ব্যবহার হয়ে আসছে বহুকাল আগে থেকেই। আর এখন গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ও রান্নার অন্যান্য পাত্র থেকে খাবারে মিশতে পারে বিষাক্ত সিসা। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, আন্তর্জাতিক গবেষণায় এমন। উদ্বেগজনক তথ্য উঠে এলেও দেশে এসব পাত্রের কাঁচামাল ও চূড়ান্ত পণ্যের মান যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন অসংখ্য পরিবার ও খাবারের দোকানে ব্যবহৃত এসব পাত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে খাবারে সিসা নির্গত হতে পারে। বিশেষ
করতোয়া
করে নতুন পাত্রে প্রথম কয়েকবার রান্নার সময় খাবারে সিসার পরিমাণ বেশি পাওয়া গেছে। দেশে অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র তৈরিতে ব্যবহৃত ধাতু কিংবা চূড়ান্ত পণ্যে সিসার উপস্থিতি যাচাইয়ের জন্য কার্যকর মানদন্ড ও নজরদারির
ঘাটতি রয়েছে। এ ধরনের পাত্র তৈরির বড় কেন্দ্র চট্টগ্রাম। সেখানে অনেক কারখানায় কাঁচামাল পরীক্ষা বা পণ্যের মান যাচাইয়ের ব্যবস্থা নেই।
গবেষণায় যা পাওয়া গেছে গবেষকেরা বাংলাদেশের বিভিন্ন পরিবারের ব্যবহৃত সাতটি পুরোনো এবং বাজার থেকে কেনা ২০টি নতুন অ্যালুমিনিয়ামের পাত্র পরীক্ষা করেন। পাত্রগুলোর ধাতুতে সিসার উপস্থিতি যাচাইয়ের পাশাপাশি সেগুলোতে ভাত ও খিচুড়ি রান্না করে খাবারে সিসার পরিমাণও পরীক্ষা করা হয়। আইসিডিডিআরবির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় প্রতিটি পাত্র থেকেই খাবারে সিসা নির্গত হতে দেখা গেছে। নতুন পাত্রে প্রথমবার রান্নার সময় প্রতি কেজি সাদা ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে সর্বোচ্চ ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে। শিশুদের খাবারে সিসার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নির্ধারিত মাত্রা প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রাম।
গবেষণায় আরও দেখা গেছে, নতুন পাত্র স্টিলের তারের মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করলে না ঘষে ব্যবহারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা খাবারে মিশতে পারে। ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়লেও সিসা নির্গমনের পরিমাণ বাড়ে। আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. জেসমিন সুলতানা বলেন, এসব পাত্র ব্যবহার করতে হলে স্টিলের তারের স্ক্রাবার দিয়ে ঘষা এড়িয়ে চলা এবং টক বা অম্লীয় খাবার রান্না না করা উচিত। তবে এসব সতর্কতা দূষিত পাত্রকে পুরোপুরি নিরাপদ করে না।
নজরদারি ও মান নির্ধারণে ঘাটতি : চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ বলেন, বেশির ভাগ কারখানায় মান যাচাইয়ের ব্যবস্থা নেই। এটি পুরো শিল্পের সমস্যা এবং সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করে এর সমাধান করতে হবে। সমিতির সাবেক সভাপতি একরামুল হক বলেন, কিছু বড় প্রতিষ্ঠান কাঁচামাল পরীক্ষা করলেও অনেক কারখানায় জাহাজের ক্ষতিকর স্ক্র্যাপসহ বিভিন্ন ধরনের পুরনো ধাতু ব্যবহার করা হয়। ছোট অনেক প্রতিষ্ঠানে কোনো মান নিয়ন্ত্রণব্যবস্থা নেই। তিনি জানান, এগুলোর খোঁজখবর নেয়ারও কেউ নেই।
বিএসটিআইয়ের পরিচালক মো. আলাউদ্দিন হুসাইন জানান, অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র উৎপাদনকারী ৩৯টি প্রতিষ্ঠানকে নিয়ে দুই দফা বৈঠক করেও কার্যকর সাড়া পাওয়া যায়নি। অনেক উৎপাদক কাঁচামালের মান কিংবা পণ্যে ভারী ধাতুর উপস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না। তিনি বলেন, এসব পণ্যের মান
নির্ধারণ করা হবে এবং অভিযানও শুরু করা হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে সিসা মেশার বিষয়টি তারা জানেন। এ কারণে দীর্ঘদিন ধরে এ ধরনের পাত্র ব্যবহার না করার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে রান্নার পাত্রের নিরাপত্তামান নির্ধারণের কাজও চলমান রয়েছে। আইসিডিডিআরবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মো. মাহবুবুর রহমান রান্নার পাত্র থেকে খাবারে সিসা মিশে যাওয়ার বিষয়ে স্পষ্ট নিরাপত্তামান নির্ধারণের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের প্রতি আহবান জানিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190402