চার শর্তে নেতানিয়াহুর দলকে সরকারে চান আইজেনকট
আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। রাজনৈতিক বিরোধ ভুলে এবার এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। এমনকি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদকেও সরকারে চান তিনি। তবে এ জন্য শরিকদের সামনে রেখেছেন চারটি শর্ত।
গত রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর এ আহ্বান জানান আইজেনকোট। তিনি বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ পরিস্থিতিতে আবার নির্বাচন আয়োজন করে সময় নষ্ট করার সুযোগ নেই।
আইজেনকট বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়নবাদী পার্টির নেতারা যদি সত্যিই জাতীয় ঐক্য চান, তাহলে তার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে তাদের আপত্তি থাকার কথা নয়। কারণ, দেশের স্বার্থে এখন রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আরও বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিদায়ী সরকারের ওপর পার্লামেন্ট নেসেটের ৭৪ জন সদস্য আস্থা হারিয়েছেন। তাদের এই অবস্থানকে জনগণের মতামতের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।
তবে, সম্ভাব্য জোটের শরিকদের জন্য চারটি শর্ত দিয়েছেন আইজেনকট। প্রথম শর্ত, ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূল্যবোধ মেনে নিতে হবে। তৃতীয়ত, সামরিক, জাতীয় অথবা বেসামরিক সেবার মাধ্যমে সবার দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন তিনি। চতুর্থ শর্তে আইজেনকোট বলেছেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে, সংগঠনটির সামরিক শক্তি ও শাসনক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতিও দিতে হবে।
নির্বাচনের পর ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেও এতে নেতানিয়াহুর ক্ষমতা স্থায়ীভাবে শেষ হয়ে যায়নি কিংবা নতুন জোট সরকার গঠন নিশ্চিত হয়নি। সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। পরে প্রয়োজনে আরও সময় চাইতে পারবেন তিনি। সূত্র : রয়া নিউজ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190397