ভেজাল খাদ্যের বিষ পেট ছাড়িয়ে পৌঁছাচ্ছে মনেও
আমরা যা খাচ্ছি, তা কি সত্যিই খাদ্য, নাকি শরীর ও মনের জন্য একেকটি টাইম বোমা? উৎপাদন বাড়ছে, ক্ষুধার হারও কমছে, এ কথা প্রায়ই শোনা যায়। কিন্তু পেট ভরানোর এই লড়াইয়ে পুষ্টির ঘাটতি মিটছে না। উল্টো ভেজাল খাবারের রাসায়নিক ধীরে ধীরে আমাদের মানসিক সুস্থতা নষ্ট করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০১৫ সালের বৈশ্বিক হিসাব অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়, মারা যায় ৪ লাখ ২০ হাজার। সংস্থাটির মতে, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকায় এর প্রকোপ সবচেয়ে বেশি। অন্যদিকে ডব্লিউএইচও, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যৌথ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ (২০১৮-১৯) বলছে, দেশের প্রাপ্তবয়স্কদের প্রায় ১৬.৮ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, শহরে এই হার ১৮.৭ শতাংশ। আক্রান্তদের ৯২.৩ শতাংশই কোনো চিকিৎসা পান না। বেকারত্ব, মূল্যস্ফীতি ও যুদ্ধ-বিগ্রহের পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসও এই পরিস্থিতিতে বড় ভূমিকা রাখছে।
অনেকে প্রিজারভেটিভের ভয়ে প্যাকেটজাত খাবার এড়িয়ে চলেন। কিন্তু তথাকথিত অর্গানিক খাবারও পুরোপুরি নিরাপদ নয়। অনেক খামারে বেশি দুধের আশায় গরুকে কৃত্রিম হরমোন দেওয়া হয়, যা দুধের মাধ্যমে আমাদের শরীরে পৌঁছায়। আবার শাকসবজিতে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিকের সঙ্গে খাদ্যে মিশছে আর্সেনিক, সীসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু। ২০১৪ সালে ঢাকায় অভিযানের সময় এএফপির প্রতিবেদনে জানা যায়, বাজারের ফলে ফরমালিনের মাত্রা পাওয়া গেছে ৩.৫ থেকে ৪৬ পিপিএম, অথচ ফলে প্রাকৃতিকভাবে থাকে মাত্র ০.০৩ থেকে ০.১৫ পিপিএম।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ২০১৯ সালের এক গবেষণায় সারা দেশ থেকে সংগৃহীত নমুনার ৫২ শতাংশই দূষিত পাওয়া যায়। এসব উপাদান শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের উৎপাদন বাড়ায়। ফলে দেখা দেয় ব্রেন ফগ, অনিদ্রা ও খিটখিটে মেজাজ। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বড় অংশ অন্ত্রের ওপর নির্ভর করে। ভেজাল খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ মাইক্রোবায়োম নষ্ট করে দেয়। অথচ এই ব্যাকটেরিয়াই খাবার থেকে পুষ্টি শোষণে মুখ্য ভূমিকা রাখে। এর ঘাটতি হলে মস্তিষ্ক প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে মস্তিষ্কের কোষ মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যাহত হয়।
মেজাজ, ঘুম ও আনন্দ নিয়ন্ত্রণকারী নিউরোট্রান্সমিটার সেরোটোনিনের একটি বড় অংশও তৈরি হয় অন্ত্রে। তাই অন্ত্রে গোলযোগ হলে মেজাজের ওপর তার প্রভাব পড়ে সরাসরি। খাবারে মেশানো বিষাক্ত রাসায়নিক রক্তে মিশে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দিতে পারে। এই অপুষ্টি দীর্ঘদিন চললে স্মৃতিশক্তি, যুক্তিবোধ ও বিশ্লেষণ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। শরীরে তৈরি হওয়া স্থায়ী প্রদাহ মানসিক চাপও বাড়ায়। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, খাদ্যবাহিত রোগে মোট মৃত্যুর প্রায় ৩০ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশুদের, অথচ বিশ্বের জনসংখ্যায় তাদের অংশ মাত্র ৯ শতাংশ। সংস্থাটি এ-ও বলছে, মারাত্মক খাদ্যবাহিত রোগে বেঁচে যাওয়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ স্থায়ীভাবে ব্যাহত হতে পারে।
আমাদের সমাজে এখন টাকা থাকলেই মানুষ সফল। তাই যেকোনো উপায়ে ধনী হওয়ার দৌড়ে নেমেছে অনেকে, আর জিততে গিয়ে অন্যের পাতে বিষ তুলে দিতেও তাদের বাধে না। বিপুল জনসংখ্যার চাহিদা মেটানোর অজুহাতে অসৎ উপায়ে উৎপাদন বাড়ানো হয়, আর এর পেছনে কাজ করে পুরো একটি সিন্ডিকেট। এদের ঠেকানোর মতো ধারাবাহিক ও শক্তপোক্ত নজরদারি নেই। তাছাড়া, আইনের ফাঁকফোকরে এই ধরনের অপরাধ আরও বেড়ে চলে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর মতো আইন থাকলেও বাস্তবে তার সঠিক বাস্তবায়ন চোখে পড়ে না।
খাদ্যে ভেজাল মেশানোর এই অপ্রতিরোধ্য কার্যক্রম বন্ধে প্রথমে দরকার শিশুদের স্কুল থেকেই সচেতন করা। প্রাথমিক শিক্ষাতেই ভেজাল খাবার চেনার উপায় ও তা এড়ানোর কৌশল শেখাতে হবে। দ্বিতীয়ত, সিন্ডিকেট ভাঙতে নিয়মিত ও স্বচ্ছ মনিটরিং জরুরি। তৃতীয়ত, অপরাধ প্রমাণিত হলে যথাসময়ে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সবশেষে, ভেজাল প্রতিরোধের দায় শুধু রাষ্ট্রের নয়; প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিকের। খাবারে কোনো অসংগতি দেখলে ভোক্তা অধিকার অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো আমাদের নাগরিক দায়িত্ব।
নিজের ভোক্তা অধিকার সম্পর্কে জানাও সেই দায়িত্বেরই অংশ। বাংলাদেশ কৃষিপণ্য উৎপাদনে এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এসব পণ্যের বড় অংশ বাজারে আসে অসাধু প্রক্রিয়ায়। আইন কঠোর, কিন্তু প্রয়োগ ও মনিটরিংয়ে ঘাটতি রয়ে গেছে। এর পেছনে আছে লোভ, নীতিহীনতা আর উদাসীনতা, যা আমাদের ঠেলে দিচ্ছে দীর্ঘমেয়াদি ক্ষতির দিকে। আমরা শুধু শারীরিক রোগের দিকে তাকাই, অথচ এই বিষ যে ধীরে ধীরে মস্তিষ্কের কার্যক্ষমতাও কমিয়ে দিচ্ছে, সেটা খেয়াল করি না। দিবস পালন হচ্ছে, নীতির পর নীতি তৈরি হচ্ছে, কিন্তু বদলাচ্ছে না বাস্তবতা। তাই আর দেরি নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠুক এখনি।
লেখক : শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।