নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বেলা ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে মাইকিং, বিলবোর্ড এবং পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে সর্বস্তরের মানুষ এই টুর্নামেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190370