বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে একজন নিহত
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা।
নিহত খোরশেদ আলম মাদলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আনসার আলীর ছেলে। এ ঘটনায় শাজাহানপুর থানায় আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন তার বাবা। এর আগে গত ৫ নভেম্বর সকালে খোরশেদ আলম মাদলা হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিয়য়টি নিশ্চিত করে বলেন, এ হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190366