পঞ্চগড়ে অপহৃত কিশোরী উদ্ধার, দিনাজপুর থেকে প্রধান আসামি গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ প্রধান অভিযুক্ত নুর আমিনকে (২৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল শনিবার রাতে দিনাজপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুর আমিন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। আজ রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-১৩’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়ির কাছে অভিযুক্ত নুর আমিনের এক আত্মীয়ের বাড়ি। সেখানে প্রায়ই অভিযুক্ত নুর আমিন আসা-যাওয়া করত।
সেখানে অভিযুক্ত নুর আমিন ভুক্তভোগী কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ওই কিশোরী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত নুর আমিন তার ওপর ক্ষিপ্ত হয়। এরই জেরে গত ১ সেপ্টেম্বর ওই কিশোরী বাজার থেকে বাড়ি আসার সময় অভিযুক্ত নুর আমিন তার সহযোগিদের সহায়তায় চারটি মোটরসাইকেল নিয়ে এসে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
এই ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।অভিযুক্তকে গ্রেফতার এবং অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, দিনাজপুর এবং সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গতকাল শনিবার রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বৈরবাড়ী জঙ্গলপাড়ার হামিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি নুর আমিনকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃত কিশোরী এবং ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190358