রাজধানীর ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে দুর্বৃত্তদের আগুন
রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ওই বাসটি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটি অনেকাংশ পুড়ে যায়।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, '১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।'
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, 'কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে রয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।'