গার্দিওলা-আনচেলত্তিসহ সবাইকে ছাড়িয়ে গেলেন মরিনিয়ো

গার্দিওলা-আনচেলত্তিসহ সবাইকে ছাড়িয়ে গেলেন মরিনিয়ো
টানা অষ্টম ম্যাচে জয় তুলে নিয়ে শুরুতে কিছুটা ছন্দ হারানো রিয়াল মাদ্রিদ লড়াইয়ে ফিরেছে। হোসে মরিনিয়োর অধীনে স্কোয়াডে বড় রদবদল আনা হয়েছিল। তবে ফল পেতে সময় লেগেছে কিছুটা। এরই মাঝে লা লিগায় সর্বোচ্চ জয়ের হারে সবাইকে পেছনে ফেলেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’খ্যাত এই পর্তুগিজ কোচ।
 
গতকাল প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে দাপট দেখিয়ে ৩-০ গোলে জিতেছে রিয়াল। এটি ছিল লা লিগায় কোচ হিসেবে মরিনিয়োর ১২৬তম ম্যাচ। এর মধ্যে তার জয় ৯৭ ম্যাচে, জয়ের হার ৭৭ শতাংশ। লা লিগায় এখন পর্যন্ত ন্যূনতম ১০০ ম্যাচ পরিচালনা করা কোচদের মধ্যে যা সর্বোচ্চ। স্প্যানিশ পরিসংখ্যান বিশেষজ্ঞ মিস্টারচিপ এই তথ্য জানিয়েছে।
 
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। লা লিগায় ১৫২ ম্যাচে ১১৬ জয় নিয়ে তার জয়ের হার ৭৬.৩ শতাংশ। এরপর আছেন কার্লো আনচেলত্তি, ২২৮ ম্যাচে ১৬২ জয় এবং জয়ের হার ৭১.১ শতাংশ। বার্সার আরেক কোচ জাভি হার্নান্দেজের ৬৯.৬ শতাংশ, রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান ৬৭.৮ এবং কাতালানদের হয়ে লুইস এনরিকে ৬৬.৪ শতাংশ ম্যাচে জিতেছেন।
 
তবে লা লিগায় এখনও ১০০ ম্যাচ পরিচালনা না করলেও জয়ের হারে মরিনিয়োর ওপরে আছেন বার্সার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক। ৮৭ ম্যাচে ৬৯ জয় নিয়ে তার জয়ের হার ৭৯.৩ শতাংশ। সব প্রতিযোগিতা ধরলে তার ম্যাচসংখ্যা ১৩১। 
 
প্রসঙ্গত, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ২৮ মিনিটে ফেদেরিকো ভালভের্দে গোল করে এগিয়ে দেন রিয়ালকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার। এরপর ৭৫ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করে দলের জয় নিশ্চিত করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়াল মাদ্রিদের টানা অষ্টম জয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190350