কিশোরগঞ্জে গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২
কিশোরগঞ্জের হোসেনপুরে গরুসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া গরু ও বাদীর পিকআপসহ দুটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) বিকেলে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হোসেনপুর থানার আখ সেন্টার মোড়ে অজ্ঞাতনামা চারজন একটি গরুসহ পিকআপ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী হোসেনপুর থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ প্রথমে একজন আসামিকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া একটি গরু উদ্ধার করে। পরে হোসেনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়।
রাশেদুল ইসলাম বলেন, এছাড়াও শনিবার (৭ নভেম্বর) করিমগঞ্জ থানা এলাকায় বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে বাদীর ছিনতাই হওয়া হলুদ ও নীল রঙের একটি পিকআপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার সময় আসামিদের ব্যবহৃত সাদা রঙের একটি মাহিন্দ্রা পিকআপও উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190326