রংপুরে ১৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি : রংপুর নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে আফসানা মরিয়মের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি প্যাকেটে রাখা ১ হাজার ৭৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আফসানা মরিয়ম স্থানীয় আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা মাদকের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে গ্রেপ্তার তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190286