বরখাস্ত হলেন মিশরের কোচ হোসাম হাসান

বরখাস্ত হলেন মিশরের কোচ হোসাম হাসান

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলোচনার কেন্দ্রে আসা মিশরের প্রধান কোচ হোসাম হাসান এবার চাকরি হারালেন। মাঠের বাইরে পারিবারিক বিবাদ এবং পরবর্তীতে ফিফার নিষেধাজ্ঞাসহ একের পর এক বিতর্কের জেরে তাকে এবং তার পুরো টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফকে বরখাস্ত করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

শনিবার (৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক জরুরি বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে ইএফএ এই সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বোর্ডের সদস্যদের ভোটাভুটির ভিত্তিতেই হাসান ও তার কোচিং প্যানেলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চুক্তির কোনো শর্ত লঙ্ঘন না করেই উভয়পক্ষের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য বিদায়ের মুহূর্তে হাসানকে ধন্যবাদ জানিয়ে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছে অ্যাসোসিয়েশন।

ইএফএ’র বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে বোর্ডের সদস্যরা সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতি ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনার ফলাফল পর্যালোচনা করেন। সদস্যরা মত দেন যে, এসব অনাকাক্সিক্ষত ঘটনা জাতীয় দলের ভাবমূর্তি, স্থিতিশীলতা এবং ইতিবাচক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। সাম্প্রতিক সময়ে হোসাম হাসানকে ঘিরে চরম বিতর্ক তৈরি হয় তার পারিবারিক কলহ নিয়ে। সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যকার তীব্র বিবাদের জেরে সামাজিক ও গণমাধ্যমে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দেশটির সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন্স তাঁকে অনির্দিষ্টকালের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই তার ওপর নেমে আসে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার শাস্তির খাঁড়া। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর ম্যাচ রেফারি ও প্রতিপক্ষ দলকে নিয়ে কড়া ও বিতর্কিত মন্তব্য করার দায়ে ফিফা তাঁকে নিষিদ্ধ করে। ব্যক্তিগত কেলেঙ্কারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দ্বিমুখী সংকটে পড়ে শেষ পর্যন্ত জাতীয় দলের শীর্ষ কোচের পদটিও খোয়াতে হলো এই মিশরীয় কিংবদন্তিকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190279