জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৪ জন আহত হয়েছেন। এতে বিভিন্ন ভবনের জানালা ভেঙে গেছে, দোকানপাটের মালামাল ছড়িয়ে পড়েছে এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
রোববার রাত ১টা ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। আইচি অঞ্চলের জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানান, সেখানে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগের আঘাত সামান্য। প্রতিবেশী শিজুওকা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অন্তত তিনজন নারী জরুরি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯০ বছরের বেশি বয়সী এক নারী ভূমিকম্পের সময় বিছানা থেকে পড়ে কাঁধে আঘাত পেয়েছেন। স্থানীয় সংবাদপত্র চুনাইচি শিমবুন ও তোকাই টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, আইচি ও শিজুওকা অঞ্চল মিলিয়ে অন্তত ২৪ জন আহত হয়েছেন।
ভূমিকম্পে আইচি অঞ্চলের তোয়োহাসি শহরের একটি গাড়ির শোরুমের জানালা ভেঙে পড়ে। একই অঞ্চলের তোয়োতা শহরে একটি বড় বইয়ের দোকানের তাক থেকে বই ও অন্যান্য পণ্য নিচে পড়ে যায়। এ ছাড়া বিভিন্ন দোকানের জানালাও ভেঙে গেছে। ভূমিকম্পের কারণে রোববার সকালে শিনকানসেন বুলেট ট্রেনসহ বিভিন্ন আঞ্চলিক ট্রেন চলাচল সাময়িকভাবে বিলম্বিত ও স্থগিত করা হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের কম্পন সুদূর ওসাকা পর্যন্ত অনুভূত হয়েছে। সেখানে এক বিদেশি নাগরিক আতঙ্কিত হয়ে দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের জন্য ওসাকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র : দ্যা জাপান টাইমস
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190272