বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, ৪ নারী’সহ ৬ জন গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই, গাড়ি ভাংচুর ও দুই পুলিশ কর্মকর্তাকে মারপিটের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ৪ জন নারী ও ২ জন পুরুষসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা আনুমানিক ১১টার সময় বগুড়ার সোনাতলা থানা পুলিশ একটি পিকাপ ভ্যানযোগে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে একটি প্রতারণা মামলার আসামি ধরতে যায়।
এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি একই গ্রামের মৃত আব্দুস সামাদ মাস্টারের ছেলে গোলাম কবির সুমনকে (৩৬) কে গ্রেফতার করে পুলিশ। এরপর ওই আসামির আত্মীয়-স্বজন ও গ্রামবাসির একাংশ পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়।
এসময় পুলিশ ও আসামি পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের পিকাপ ভ্যান ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়াও ২ পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ ৪ নারীসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করে আজ শনিবার (৭ নভেম্বর) জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সরকারি কাজে বাধাপ্রদানের অভিযোগে ইতোমধ্যেই ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি আরও বলেন, ছিনতাই করা আসামিকে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের অভিযান চলমান থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190236