বগুড়ার ধুনটে নিম্নমানের কাজের অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো নির্মাণাধীন ড্রেন

বগুড়ার ধুনটে নিম্নমানের কাজের অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো নির্মাণাধীন ড্রেন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পৌরসভায় ৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেনে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দরপত্রের শর্ত উপেক্ষা করে নির্মাণকাজ করার অভিযোগের সত্যতা পেয়ে ইতোমধ্যে ড্রেনের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পৌর প্রশাসক। একইসঙ্গে নির্ধারিত মান বজায় রেখে পুনরায় নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ধুনট শহরের জিরো পয়েন্ট থেকে পূর্ব ভরণশাহী ইছামতি নদী পর্যন্ত ১ হাজার ৬২৫ মিটার দীর্ঘ আরসিসি ঢালাই ইউ-ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ড্রেনটির গভীরতা ১ দশমিক ৪ মিটার।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকা। কাজের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার এহতে শামুল হককে। তবে স্থানীয়ভাবে নির্মাণকাজ করছেন ঠিকাদার আব্দুর রশিদ। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।

অভিযোগ রয়েছে, কাজের শুরু থেকেই দরপত্রের শর্ত ও নির্মাণের নির্ধারিত মান অনুসরণ করা হচ্ছিল না। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার সতর্ক করা হলেও কাজের মানে দৃশ্যমান পরিবর্তন আসেনি।

এ অবস্থায় গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্মাণকাজ সরেজমিন পরিদর্শনে যান ধুনট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব। এ সময় ড্রেন নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়ায় ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি দরপত্রের শর্ত অনুযায়ী মানসম্মতভাবে পুনরায় কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়। ধুনট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, পৌরসভার কোনো উন্নয়নকাজে অনিয়ম বরদাশত করা হবে না। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190224