তিস্তা অববাহিকায় অপুষ্টির ঝুঁকিতে শিশুরা সুষম খাদ্য মিলছে না দরিদ্র পরিবারে
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: তিস্তার ভাঙন, বন্যা আর দারিদ্র্যের নির্মম বাস্তবতায় প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়ছেন নীলফামারীর ডিমলা উপজেলার নদীতীরবর্তী হাজারো মানুষ। নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানো, বন্যায় ফসলহানি এবং কর্মসংস্থানের সংকটে অনেক পরিবারেই এখন নিত্যদিনের খাবার জোগাড় করাই কঠিন।
এমন পরিস্থিতিতে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা হয়ে উঠেছে আরও বড় চ্যালেঞ্জ। ফলে তিস্তা অববাহিকার দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশু-কিশোর এবং গর্ভবতী মায়েদের মধ্যে অপুষ্টি ও রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ছে।
উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টি তিস্তা নদীর প্রভাবাধীন। কালীগঞ্জ, ঝাড়সিংহেশ্বর, দোহলপাড়া, কিসামত ছাতনাই, চরখড়িবাড়ী, ছোটখাতা, ছাতুনামা ও বাইশপুকুরসহ নদীতীরবর্তী গ্রামগুলোতে প্রতিবছর ভাঙন ও বন্যার ক্ষত বাড়ে। এতে বহু পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে জীবিকার অনিশ্চয়তায় পড়ে। অনেককে অন্যের জমিতে শ্রম দিয়ে সংসার চালান।
সংসারে আয় কমে গেলে খাদ্যতালিকা থেকে বাদ পড়ে দুধ, ডিম, মাছ, মাংস ও ফলমূলের মতো পুষ্টিকর খাবার। অনেক পরিবারে তিন বেলা খাবার নিশ্চিত করাই কঠিন হয়ে পড়ে।
ফলে শিশুদের শরীরে প্রয়োজনীয় আমিষ, ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে শিশুর শারীরিক বৃদ্ধি, মেধা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বাড়তে পারে খর্বাকৃতি, কম ওজন, রক্তস্বল্পতা ও রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাসের ঝুঁকি।
জনস্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডিমলায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক পুষ্টি জরিপ, শিশুদের নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ, অপুষ্টিতে আক্রান্তদের শনাক্তকরণ এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টিসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দরিদ্র পরিবারের জন্য পুষ্টিকর খাদ্যসহায়তা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াতে হবে।
তিস্তার ভাঙনে শুধু মানুষের ঘরবাড়ি ও জীবিকা হারাচ্ছে না, ঝুঁকির মুখে পড়ছে আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠাও। তাই ডিমলার শিশুদের অপুষ্টি মোকাবিলায় স্বাস্থ্যসেবার পাশাপাশি খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত সরকারি উদ্যোগ প্রয়োজন।
সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে দারিদ্র্যের পাশাপাশি অপুষ্টিও হয়ে উঠতে পারে এ অঞ্চলের শিশুদের ভবিষ্যৎ বিকাশের বড় বাধা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190221