দিনাজপুরের কাহারোলে কাঠের রেডিমেড ফার্নিচারের কদর বাড়ছে
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর ও জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। এসব রেডিমেড ফার্নিচার উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাট-বাজারগুলোতে বিক্রি করতে দেখা যাচ্ছে।
কয়েকজন ফার্নিচার কারখানার মালিকের সাথে কথা বলে জানা যায়, ৮০ দশকের আগে কাঠের তৈরি ফার্নিচারের ব্যবহার শুধুমাত্র বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ ছিলো। তবে ৯০ দশকের পরে লোহা ও স্টিলের ফার্নিচার বাজারে আসলে কাঠের ফার্নিচার তৈরি ও বিক্রিতে চরম ধ্বস নেমে আসে। এতে করে কারিগরসহ এ পেশার সাথে জড়িত লোকজন কর্মহীন হয়ে পড়েন।
দেখা যায়, জীবিকার তাগিদে অনেকেই বিভিন্ন পেশায় যোগ দিয়েছেন। আবার পারটেক্সের রেডিমেড আসবাবপত্রের চাহিদা দেখে কাহারোল উপজেলা সদরে প্রায় ৫০টির অধিক কাঠের রেডিমেড ফার্নিচার কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে উপজেলা ও জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় কাঠের আসবাবপত্র। এছাড়াও হাট-বাজারগুলোতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় দোকান মালিক বা কারিগরেরা।
আজ শনিবার (৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, কারখানাগুলোতে সকাল থেকে শুরু করে রাত ১০/১১টা পর্যন্ত কাঠের বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে কারিগররা।
এর মধ্যে রয়েছে- টেবিল, চেয়ার, আলমারি, দরজা, জানালা, খাট, টি টেবিল, ডাইনিং টেবিল, আলনা, বেঞ্চসহ অন্যান্য সামগ্রী। দাম কম হওয়ায় সাধারণ দরিদ্র মানুষজনেরাও এসব পণ্য কিনতে আগ্রহী। স্থানীয় হাট-বাজারগুলো থেকে ক্রয় করে নিজ বাড়িকে আরও শোভনীয় করছেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190217