লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মাদ্রাসাছাত্র নিহত
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান নামে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এসময় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হন। নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশহাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ জানান, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে সদরের দিকে যাচ্ছিল। এসময় বুড়িমারীর দিকে যাওয়া একটি ট্রাক খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী হাবিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আরও চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন— লালমনিরহাট সদর উপজেলার মনিকা(১৬), মনোরঞ্জন(৯০), বুলু মিয়া(২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী(২৮)। আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190212