টাঙ্গাইলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর শুক্রবার (৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্ত নাগরপুর সদরের নুর মোহাম্মদ মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২১)।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে৷ গ্রেফতারকৃত ইয়ামিন মিয়া ভুক্তভোগী কিশোরীর আত্মীয় বলে পুলিশ জানায়।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাসায় কেউ না থাকায় ইয়ামিন মিয়া কৌশলে ওই কিশোরীকে নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শুক্রবার রাতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত আসামি ইয়ামিনকে শনিবার (৭ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190195