অক্টোবরে বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে পরীমনি

অক্টোবরে বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে পরীমনি

বিনোদন ডেস্ক :  অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির পাতা। মাসজুড়ে তার পাতাটি দেখা হয়েছে ৪৩ হাজার ৪৫৮ বার।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ এবং তৃতীয় স্থানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পাতা।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত অক্টোবর মাসের বাংলা উইকিপিডিয়ার পাতা পরিদর্শনের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে পরীমনির পাতা দেখা হয়েছে ৪৩ হাজার ৪৫৮ বার। দ্বিতীয় অবস্থানে থাকা ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ পাতাটি দেখা হয়েছে ২০ হাজার ৯০৮ বার। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা পাতার তুলনায় পরীমনির পাতা দ্বিগুণেরও বেশিবার দেখা হয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার পাতাটি দেখা হয়েছে ১৯ হাজার ১১৫ বার।

চতুর্থ অবস্থানে রয়েছে ‘শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ’ বিষয়ক পাতা। এটি দেখা হয়েছে ১৪ হাজার ৪৯৯ বার। পঞ্চম স্থানে থাকা মিয়া খলিফার পাতা দেখা হয়েছে ১৪ হাজার ৪৮৬ বার।

ষষ্ঠ অবস্থানে রয়েছেন ভারতীয় অভিনেতা নানা পাটেকর। তার পাতাটি দেখা হয়েছে ১৪ হাজার ৩৬৫ বার। সপ্তম স্থানে রয়েছে বাংলা বর্ণমালার ‘চ’ বর্ণের পাতা। এটি দেখা হয়েছে ১৩ হাজার ৭৭৯ বার।

অষ্টম অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ’ পাতা। অক্টোবর মাসে এটি দেখা হয়েছে ১২ হাজার ৮০৮ বার। নবম অবস্থানে থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাতা দেখা হয়েছে ১১ হাজার ৬০৮ বার।

অন্যদিকে, সবচেয়ে বেশি পঠিত দশটি পাতার তালিকায় দশম অবস্থানে রয়েছে ‘বাংলা বাগধারার তালিকা’। মাসজুড়ে পাতাটি দেখা হয়েছে ১১ হাজার ৪৬১ বার।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190183