রোনালদো চলে যাওয়ায় আমার কোনো অপরাধবোধ নেই : জেসুস
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। রোনালদোর অবসরের সিদ্ধান্তে কোনো অপরাধবোধ নেই পর্তুগাল কোচ হোর্হে জেসুসের।
অনেকের মতেই, রোনালদোর পর্তুগাল দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে জেসুসের সঙ্গে তার বিরোধ। রোনালদো অবসরের সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেসুস বলেছিলেন, ‘এটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত। আমি তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছি...সিদ্ধান্তটা আমাকে মেনে নিতে হবে।’
শুক্রবার (৬ নভেম্বর) নেশনস লিগে ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণায়ও রোনালদোকে নিয়ে কথা বলেন কোচ জেসুস। পর্তুগিজ মহাতারকার অবসরের সিদ্ধান্তে অপরাধবোধে ভোগা দূরের কথা, উল্টো জেসুস আরও জানালেন, তিনি রোনালদোর কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করেননি। এবারের নেশনস লিগের দলেও তিনি রোনালদোকে রাখতেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেসুস বলেন, ‘হয়তো আমি একটু তাড়াহুড়ো করেছি, তবে আমার কারণে (রোনালদোর অবসর) নয়। (দলে) বেশি ডাক পাওয়া বা কম ডাক পাওয়ার ব্যাপারটি আগেই তার (রোনালদোর) মাথায় ছিল। আমাদের কয়েকবার কথাও হয়েছে এ নিয়ে। তার চলে যাওয়ায় আমার কোনো প্রকার অপরাধবোধ নেই। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
রোনালদোর জাতীয় দলে ফেরার আশায় ছিলেন জানিয়ে পর্তুগালের কোচ আরও বলেন, ‘অবশ্যই আমি ভেবেছিলাম সে ফিরে আসবে, অবশ্যই আমি ভেবেছিলাম তাকে দলে ডাকবো, তার সঙ্গে কথা বলবো—কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় দল ছেড়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190158