শিক্ষাসফরের বাস পুকুরে পড়ে শিক্ষকসহ নিহত ২

শিক্ষাসফরের বাস পুকুরে পড়ে শিক্ষকসহ নিহত ২

মফস্বল ডেস্ক : কুমিল্লা থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার শিক্ষাসফরের একটি বাস পুকুরে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

আজ শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজন হলেন-মাদ্রাসার শিক্ষক সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন। পথে কেরানিহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে বহরের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পার্শ্ববর্তী পুকুরে উল্টে পড়ে। এসময় এক শিক্ষকসহ দুজন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। পরে আহত ব্যক্তিদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190140