ইরানের পরমাণু কর্মসূচির তথ্য চেয়ে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেয়ার জন্য ২ কোটি ডলার পুরস্কার এবং ‘সম্ভাব্য পুনর্বাসনের’ প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছাতে চায় তেহরান। সূত্র : জিও নিউজ
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি কর্মসূচি ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’-এর আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার এবং সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে। এর মধ্যে দেশটির পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের, যেমন বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্যদের সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আমেরিকানদের জীবন ও স্বার্থ রক্ষায় সহায়ক তথ্যের জন্য অর্থ পুরস্কার দেয়ার লক্ষ্যে ১৯৮৪ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচির অধীনে এই কর্মসূচি প্রতিষ্ঠা করা হয়।
পুরস্কার সম্পর্কে দেয়া বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা-সংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলতে ইরানের ব্যর্থতার কারণে দেশটির সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোর উৎপাদন ও মজুত সম্পর্কে সংস্থাটি ‘ধারাবাহিক তথ্য’ পাচ্ছে না। কোন ধরনের তথ্যের জন্য ২ কোটি ডলারের পুরস্কার দেয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ করা হয়নি। ট্রাম্প বারবার দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প বলেন, আমরা যদি ইরানে হামলা না করতাম, তাহলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। তারা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত। তবে প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরান সংঘাতের অবসান ঘটাতে আগ্রহী। তিনি বলেন, আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা খুব মরিয়াভাবে একটি চুক্তি করতে চায়।
এদিকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার এখনও সংলাপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190139