তানজিন তিশার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল অভিনয়শিল্পী সংঘ
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, সংগঠনের সালিশ কমিটির সিদ্ধান্ত এবং পরবর্তী কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
রাশেদ মামুন অপু বলেন, সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুজনকে সালিশের জন্য ডাকা হয়। সেখানে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং একটি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তবে তারা কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করেননি।
তিনি আরও জানান, এ বিষয়ে পরপর দুটি চিঠি পাঠানো হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। চিঠিগুলোও ফেরত আসে। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় দীর্ঘ বিরতির পর সালিশ কমিটি কার্যনির্বাহী পরিষদকে সদস্যপদ বাতিলের সুপারিশ করে। পরবর্তী সভায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে অভিনয়শিল্পী সংঘ সবসময় সচেষ্ট। শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এদিকে গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশার কাছে পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের জবাবে তিনি সংগঠনের কার্যালয়ে কোনো লিখিত বক্তব্য জমা দেননি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সালিশ বা বিরোধ মীমাংসা বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190119