রংপুরের কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজন লক্ষীপুরে গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষীপুরে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি।
আজ শুক্রবার (৬ নভেম্বর) গ্রেফতারকৃত তিনজনকেই লক্ষীপুর জেলা থেকে কাউনিয়া থানায় আনা হয় বলে জানিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কাউনিয়া উপজেলার শিবু কুটিপাড়ার মসলেম উদ্দিনের ছেলে মামলার প্রধান আসামি মজনু মিয়া(৩২), একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান(৪০) ও মেহের আলীর ছেলে রিজু মিয়া(৩০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বিকেলে উপজেলার হরিচরণ লস্কর গ্রামে নিজ বাড়ির পাশে ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আক্তার বাদি হয়ে মজনুকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাদল কুমার মণ্ডল জানান, মামলার প্রধান আসামি মজনুসহ অন্যরা এলাকা ছেড়ে বিভিন্ন জেলায় আত্মগোপন করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার রাতে এসআরবি-১৩ ও ১১ ক্যাম্পের আভিযানিক টিম এবং থানা পুলিশের অভিযান চালায়।
এসময় লক্ষীপুরের রামগঞ্জ থানার শাকতলা বাজার এলাকার ভাড়া বাসা থেকে মজনুসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এরআগে ওই মামলার এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে সে রংপুর কারাগারে রয়েছে।
তিনি আরও জানান, উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে নয়ন গ্রুপ ও কোহিনুর গ্রুপের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটে। দুইপক্ষের লোকজনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। হত্যাকান্ডের শিকার ফখরুল আলম রতন নয়ন গ্রুপের প্রধানের আপন বড় ভাই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190115