জুমা’র নামাজে হাজারো মুসল্লির অংশগ্রহণ দিনাজপুর জেলা ইজতেমা শুরু
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) দিনাজপুরে সবচেয়ে বড় জুমা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কাকরাইলের মুরুব্বী মুফতি সৈয়দ ওসামা ইসলাম। জামাতে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

জানা যায়, আজ শুক্রবার (৬ নভেম্বর) ফজরের নামাজের পর থেকে দিনাজপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামাতের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লিরা ইজতেমা মাঠে একত্রিত হন। এদিন জুমা’র নামাজের আগে ইজতেমা মাঠে বয়ান পেশ করেন ঢাকার মুরব্বি ডা. জাকির হোসেন। বাদ ফজর বয়ান করেন ঢাকার মুরব্বি মাওলানা মোহাম্মাদুল্লাহ।
আগামী ৮ নভেম্বর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে। আখেরি মুনাজাতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করছেন ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190103