শহীদ আবু সাঈদের রক্ত, ১৭ বছরের নির্যাতন, জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: জুমা

শহীদ আবু সাঈদের রক্ত, ১৭ বছরের নির্যাতন, জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: জুমা

বিএনপির নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও বিগত ১৭ বছরের নির্যাতনের ঘটনাগুলো ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, শহীদ আবু সাঈদের রক্তের কথাও যেন তারা ভুলে গেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফাতিমা তাসনিম জুমা বলেন, ইডেন কলেজের পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে বল প্রয়োগ করেছে, তা ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের ঘটনার কথা মনে করিয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনরত এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করা হয়েছে। এমনকি পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের গায়ে হাত দিয়েছেন। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের আন্দোলন—বিভিন্ন জায়গায় পুলিশ বল প্রয়োগ করছে। পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর বল প্রয়োগ করছে কেন? এ ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করেন তিনি।

এর আগে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190076