চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রলবোমা ছোড়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুটি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া দুটি পেট্রলবোমা ভেঙে যাওয়ায় আগুন ধরেনি। অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাটি ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলে নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল বা গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190037