বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১২ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট এবং ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গত বুধবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামের বাদশা তরফদারের ছেলে তুহিন তরফদার (৩১), একই গ্রামের মৃত গেদা প্রামানিকের ছেলে মাহিন প্রামাণিক (৩৮), পৌর এলাকার পাইকপাড়া গ্রামের মৃত মিজবাউল ইসলাম বাবু খলিফার ছেলে সুরুজ মিয়া (৫০) এবং পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাসুম মিয়া (৩৫)। এসময় দেহ তল্লাশি করে তুহিন এবং মাহিন মিয়ার কাছ থেকে ১২ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সুরুজ মিয়ার দেহ তল্লাশি করে ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাসুম মিয়ার দেহ তল্লাশি করে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, মাদক কারবারিদের নামে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/190024