নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ির দক্ষিণ পাশে পানক্ষেতসংলগ্ন নির্জন স্থান থেকে ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। জুতার সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহের সন্ধান মেলে।
নিহত শিক্ষার্থী মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই ছাত্রী। এরপর স্বজনরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরিবারের সদস্যরা জানান, পরে জুতার সূত্র ধরে বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে পানক্ষেতের পাশে নির্জন স্থানে তার মরদেহ দেখতে পান। মরদেহের পাশে তার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র ও একটি ফাইল পড়ে ছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189987