ভালুকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় ফ্যামিলি কার্ড খানা জরিপ ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। জরিপের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার এ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং অনুপযুক্ত কেউ সুবিধা নিতে না পারে।
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সকল শ্রেণি-পেশার মানুষ ও অংশীজনদের সমন্বয়ে সামাজিক সচেতনতামূলক কমিটি গঠন করা হবে। এসব কমিটি সমাজের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে কাজ করবে। একটি সচেতন, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাবেক অধ্যক্ষ আমীর হোসেন, রাজৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান ভাসান প্রমুখ।
পরে ২৮ জন তথ্য সংগ্রহকারীর মাঝে তথ্য সংগ্রহ করার ডিভাইস প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189972