খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার ১২নং রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়া বটতলা নামক স্থানে গফফার সানার চায়ের দোকানে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
নিহত তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে তরিকুল জোড়া বটতলা এলাকার গফফার সানার চায়ের দোকানের ভেতরে বসে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে চায়ের দোকানে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথায় গুলি করে। গুলির শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে খুলনা-দৌলতপুর সড়ক হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করে।
স্থানীয় পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে।
নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, এলাকাকে অস্থিতিশীল করতে এবং রাজনৈতিক শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।