কপালে ‘যন্ত্র’ লাগিয়ে খেলছেন গিল, এটি কী, কোন কাজে লাগে?

কপালে ‘যন্ত্র’ লাগিয়ে খেলছেন গিল, এটি কী, কোন কাজে লাগে?

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে শুভমান গিলের কপালে সোনালি রঙের ছোট একটি যন্ত্র নজর কেড়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও সেটি পরে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন ভারতের অধিনায়ক। বিষয়টি চোখ এড়ায়নি প্রতিপক্ষ দলের পেসার কাইল জেমিসনের। কৌতূহল থেকে তিনি গিলের কাছে গিয়ে যন্ত্রটি সম্পর্কে জানতে চান।

অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে গিলের কপালে থাকা যন্ত্রটির নাম ‘টেম্পল’। এটি ভারতের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জোমাটোর সহপ্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের তৈরি একটি স্বাস্থ্য ও ফিটনেস পর্যবেক্ষণ প্রযুক্তি।

সাধারণ স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার হাতে পরতে হলেও টেম্পল লাগানো হয় কপালের কানের পাশের অংশে। ছোট এই যন্ত্রটি ত্বকের সঙ্গে আটকে রাখতে ‘গ্রিপস’ নামের বিশেষ আঠাযুক্ত প্যাচ ব্যবহার করা হয়। ফলে দৈনন্দিন কাজকর্ম কিংবা শরীরচর্চার সময়ও এটি জায়গা থেকে সরে যায় না। এর মাধ্যমে মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব।

টেম্পলের মূল প্রযুক্তির নাম ‘ব্রেনফ্লো’। আলোকসংবেদী সেন্সরের সাহায্যে এটি মস্তিষ্কের কাছাকাছি রক্তপ্রবাহের পরিবর্তন শনাক্ত করে। অর্থাৎ বিভিন্ন কাজ বা শারীরিক কর্মকাণ্ডের সময় মাথায় রক্ত সঞ্চালনে কী ধরনের পরিবর্তন হচ্ছে, তা পরিমাপ করে।

এ ছাড়া যন্ত্রটি ‘এনট্রপি’ নামে একটি পরিমাপ দেয়। দীপিন্দর গোয়েলের ব্যাখ্যা অনুযায়ী, শরীরের বেঁচে থাকার জন্য তাৎক্ষণিকভাবে যে পরিমাণ শক্তি বা চাপ ব্যয় হয়, এটি তার একটি নির্দেশক। নির্দিষ্ট সময়ে শরীর কতটা চাপের মধ্যে রয়েছে, সে সম্পর্কে ধারণা দিতেই এই পরিমাপ তৈরি করা হয়েছে।

শরীরচর্চা, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, ক্যাফেইন গ্রহণ এমনকি ধ্যানও এই পরিমাপকে প্রভাবিত করতে পারে। ফলে অনুশীলন বা প্রতিযোগিতার সময় শরীর কীভাবে সাড়া দিচ্ছে এবং কোন বিষয়গুলো শারীরিক পুনরুদ্ধারে প্রভাব ফেলছে, তা বুঝতে ক্রীড়াবিদদের সহায়তা করতে পারে টেম্পলের তথ্য।

তবে শুভমান গিল এখনও এই প্রযুক্তি ব্যবহারের কারণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভারতের আনুষ্ঠানিক ফিটনেস পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে তিনি এটি ব্যবহার করছেন কি না, তা-ও নিশ্চিত নয়।

এর আগে ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টেম্পল ব্যবহার করতে দেখা গেছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরেও তাঁর কপালে ছিল যন্ত্রটি। ক্রীড়াবিদদের স্বাস্থ্য ও পারফরম্যান্স পর্যবেক্ষণ, বিশেষ করে শারীরিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এর ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি।

এনডিটিভিকে সিন্ধু বলেন, ‘আপনি যখন তথ্যগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন আপনার শরীর কতটা শক্তি সঞ্চয় করছে এবং আপনি কতটা ভালো ঘুমাচ্ছেন। তবে বিষয়টি ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়।’ এ প্রযুক্তির মাধ্যমে হৃদস্পন্দনের ওঠানামা ও পুষ্টিসংক্রান্ত তথ্যও পাওয়া যায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189922