বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার
অভিবাসনকে শুধু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে বাংলাদেশকে অভিবাসন গন্তব্য দেশ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক ককাসের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
এ ছাড়া সংসদীয় ককাসের সভাপতি এ বি এম মোশাররফ হোসেন এবং ককাস সচিবালয়ের সভাপতি সৈয়দ সাইফুল হক স্বাগত বক্তব্য দেন। উদ্বোধনী বক্তৃতা করেন ককাসের মহাসচিব মাহমুদা হাবিবা।
স্পিকার বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দুঃখ-কষ্ট লাঘবে আরও সচেতন হতে হবে। বিশেষ করে নারী শ্রমিকদের অভিবাসন গন্তব্যে নানা ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অভিবাসন নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে বিদেশে কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্ম্যের কারণে গত কয়েক বছরে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বিদেশে পাঠানো বন্ধ রয়েছে। সর্বদলীয় এই ককাসের মাধ্যমে সংসদ সদস্যরা কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সহায়তা করবেন এবং মাঠপর্যায়ে অভিবাসন আইনের যথাযথ বাস্তবায়ন তদারকি করবেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ অভিবাসন গন্তব্য দেশগুলোতে দীর্ঘদিন ধরে প্রবাসী শ্রমিকরা নিপীড়ন ও শোষণের শিকার হয়ে আসছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189916