শীতের আগে ঘর পরিষ্কার করবেন যেভাবে
শীতের হিমেল হাওয়া বইতে শুরু করলেই ঘরের পরিবেশে আসে পরিবর্তন। দিনের আলো কমে আসে, জানালা-দরজা বেশির ভাগ সময় বন্ধ থাকে। ফলে ঘরের ভেতরে জমতে থাকে ধুলোবালি, বাড়ে স্যাঁতসেঁতে ভাব, কখনো দেখা দেয় দুর্গন্ধও। এ সময় ঘরবাড়ি অপরিচ্ছন্ন থাকলে স্বস্তির বদলে অস্বস্তি তৈরি হতে পারে। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করে নেওয়া জরুরি।
তবে একসঙ্গে সব কাজ করতে হবে এমন নয়। একটু পরিকল্পনা করে কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই শীতজুড়ে ঘর রাখা যাবে পরিষ্কার, সতেজ ও আরামদায়ক। জেনে নিন শীত আসার আগে ঘর পরিষ্কারের কার্যকর উপায়।
জানালার কাচ ও ফ্রেম পরিষ্কার করুন
শীতের দিনে ঘরে প্রাকৃতিক আলো প্রবেশের গুরুত্ব অনেক বেশি। কিন্তু জানালার কাচে ধুলাবালি, পানির দাগ ও ময়লা জমে থাকলে আলো ঠিকমতো ঘরে ঢুকতে পারে না। তাই প্রথমেই জানালার কাচ, ফ্রেম ও সিল পরিষ্কার করে নিন। একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় ও হালকা সাবান মিশ্রিত পানি দিয়ে কাচ মুছে ফেলতে পারেন। জানালার কোণে জমে থাকা ধুলা এবং আর্দ্রতাও পরিষ্কার করুন। এতে ঘরে আলো-বাতাস চলাচল সহজ হবে, পাশাপাশি জানালাও দেখাবে ঝকঝকে।
কার্পেট ও গালিচা ভালোভাবে পরিষ্কার করুন
শীতের সময় ঘরের মেঝেতে কার্পেট ও গালিচা ব্যবহারের প্রবণতা বাড়ে। কিন্তু এগুলোর ভেতরে সহজেই ধুলাবালি, চুল, খাবারের গুঁড়া ও জীবাণু জমতে পারে। তাই শীত শুরুর আগেই কার্পেট ভালোভাবে ঝেড়ে বা ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। বিশেষ করে দরজার সামনে, বারান্দা ও বসার ঘরের কার্পেট নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। কোথাও খাবার বা পানীয় পড়ে দাগ হলে দ্রুত পরিষ্কার করুন। প্রয়োজনে কার্পেটের উপযোগী ক্লিনার ব্যবহার করুন।
রান্নাঘরে করুন ডিপ ক্লিনিং
শীত মানেই ঘরে নানা ধরনের মজার খাবার তৈরির আয়োজন। তাই রান্নাঘর পরিচ্ছন্ন রাখা এ সময় আরও জরুরি। রান্নাঘরের ক্যাবিনেট, হ্যান্ডেল, চুলা, কাউন্টারটপ, সিঙ্ক ও দেয়ালে জমে থাকা তেলচিটে ময়লা পরিষ্কার করুন। মাইক্রোওভেন, ফ্রিজের তাক এবং রান্নার সরঞ্জামগুলোও ভালোভাবে মুছে নিন। দীর্ঘদিন পরিষ্কার না করা কোণগুলোতে বিশেষ নজর দিন। রান্নাঘরের ডাস্টবিনও ধুয়ে শুকিয়ে ব্যবহার করুন। এতে রান্নার জায়গা থাকবে স্বাস্থ্যকর ও দুর্গন্ধমুক্ত।
বাথরুমে নিশ্চিত করুন বাতাস চলাচল
শীতকালে গোসলের গরম পানি থেকে তৈরি হওয়া বাষ্প বাথরুমের দেয়াল, আয়না ও জানালায় জমে থাকে। পর্যাপ্ত বাতাস চলাচল না হলে সেখানে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হতে পারে। ফলে ছত্রাক বা মোল্ড জন্মানোর আশঙ্কা বাড়ে। এ সমস্যা এড়াতে বাথরুমের এগজস্ট ফ্যান ঠিকমতো কাজ করছে কি না পরীক্ষা করুন। গোসলের পর দরজা বা জানালা কিছুক্ষণ খোলা রাখুন। দেয়াল, আয়না ও মেঝেতে জমে থাকা পানি মুছে ফেলুন। বাথরুমের পর্দা ও মেঝের ম্যাটও নিয়মিত পরিষ্কার করুন।
কম্বল, লেপ ও শীতের বিছানাপত্র রোদে দিন
আলমারিতে দীর্ঘদিন তুলে রাখা কম্বল, লেপ, কাঁথা ও শীতের চাদরে ধুলাবালি জমতে পারে। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই এগুলো বের করে পরিষ্কার করুন। কাপড়ের ধরন অনুযায়ী ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। সম্ভব হলে পরিষ্কার ও শুকনো আবহাওয়ায় কিছু সময় রোদে দিন। একইভাবে সোফার কুশন কভার, বালিশের কভার ও অতিরিক্ত বিছানার চাদরও ধুয়ে নিন। এতে শীতের শুরুতেই বিছানায় মিলবে পরিচ্ছন্ন ও আরামদায়ক অনুভূতি।
ঘরের প্রবেশপথ রাখুন পরিচ্ছন্ন ও গোছানো
বাইরে থেকে ভেজা জুতা, কাদা কিংবা ধুলোবালি নিয়ে ঘরে প্রবেশ করলে মুহূর্তেই নোংরা হয়ে যেতে পারে মেঝে। তাই দরজার কাছে জুতা রাখার জন্য নির্দিষ্ট র্যাক রাখুন। ভেজা ছাতা ও জুতা রাখার জন্যও আলাদা জায়গা তৈরি করুন। দরজার সামনে একটি ডোরম্যাট বিছিয়ে দিন, যাতে বাইরে থেকে আসা ধুলাবালি ঘরের ভেতরে কম ছড়ায়। প্রতিদিন প্রবেশপথ ঝাড়ু দেওয়া ও মোছার অভ্যাস করুন। এতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।
উঁচু ও আড়ালে থাকা জায়গার ধুলা পরিষ্কার করুন
ঘর পরিষ্কারের সময় মেঝে, টেবিল কিংবা আসবাবপত্রে বেশি নজর দেওয়া হলেও অনেক সময় উঁচু জায়গাগুলো বাদ পড়ে যায়। অথচ আলমারির ওপর, দরজার ফ্রেম, দেয়ালে ঝোলানো ছবির ফ্রেম, সিলিং ফ্যান ও বাতির ওপর প্রচুর ধুলা জমতে পারে। তাই শীতের আগে এসব জায়গা ভালোভাবে পরিষ্কার করুন। ওপর থেকে নিচের দিকে ধুলা ঝাড়ুন। এরপর মেঝে ঝাড়ু দিয়ে মুছে ফেলুন। এতে একবারেই ঘরের জমে থাকা ধুলা দূর করা সহজ হবে।
তৈরি করুন সহজ একটি ক্লিনিং রুটিন
এক দিনেই পুরো বাড়ি পরিষ্কার করতে গেলে ক্লান্তি আসতে পারে। তাই কাজগুলো ভাগ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিদিন থালাবাসন ধোয়া, রান্নাঘর গুছিয়ে রাখা ও মেঝের দৃশ্যমান ময়লা পরিষ্কার করুন। সপ্তাহে এক দিন বাথরুম, কার্পেট ও আসবাবপত্র ভালোভাবে পরিষ্কারের জন্য রাখুন। মাসে অন্তত একবার জানালার ফ্রেম, আলমারির ওপর, ফ্যান ও অন্যান্য দুর্গম জায়গায় জমে থাকা ধুলো সরিয়ে ফেলুন। এভাবে ছোট ছোট কাজ নিয়মিত করলে শীতজুড়ে বাড়তি ঝামেলা ছাড়াই ঘর থাকবে পরিচ্ছন্ন ও গোছানো।
শীতের আরাম উপভোগ করতে পরিচ্ছন্ন ঘরের বিকল্প নেই। তাই শীতের ব্যস্ততা শুরু হওয়ার আগেই ঘর পরিষ্কারের কাজগুলো সেরে ফেলুন। পরিষ্কার জানালা, সতেজ বিছানাপত্র, ধুলাবালিমুক্ত আসবাব আর গোছানো ঘর-সব মিলিয়ে শীতের দিনগুলো হয়ে উঠুক আরও আরামদায়ক ও স্বস্তির।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য স্প্রুস
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189912