প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধানমন্ডি ৩২ থেকে পান্থপথ মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ পরিচর্যা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধানমন্ডি ৩২ থেকে পান্থপথ মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ পরিচর্যা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নগরীর সবুজায়ন রক্ষায় নিয়মিত গাছের পরিচর্যা, নতুন চারা রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় গৃহীত এ কর্মসূচির অংশ হিসেবে আজ ধানমন্ডি ৩২ নম্বর মোড় থেকে পান্থপথ মোড় পর্যন্ত সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে সড়কের পাশে থাকা গাছগুলোতে পানি দেওয়া, গাছের পরিচর্যা এবং নতুন চারা রোপণ করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী নগরীর পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি শুধু এক দিনের কর্মসূচি নয়, বরং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই, যাতে সবাই নিজ নিজ বাড়ির আঙিনা, মাঠঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। প্রতি সপ্তাহে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষ পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইনশাআল্লাহ, এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন মহি ও ইঞ্জিনিয়ার হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত চারটি থানার নেতৃবৃন্দ।

এ কর্মসূচির মাধ্যমে সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরীর সবুজায়ন রক্ষা, বৃক্ষের সঠিক পরিচর্যা এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ পাপ্পা শিকদার।

তিনি বলেন, "শহর আমাদের, তাই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার।"

নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189885