আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান শ্রমিক আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নে বিলম্বের কারণে বোর্ড গঠনে কিছুটা দেরি হলেও বুধবার এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নিয়ে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা ঘোষণা করতে মজুরি বোর্ডকে বলা হয়েছে।
চলমান সহিংসতার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক আন্দোলনের নামে কিছু ব্যক্তি অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন, এমন কয়েকজন শিল্পমালিকের সংশ্লিষ্টতার বিষয়ও সামনে এসেছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় ধৈর্যের পরিচয় দিচ্ছে। বাহিনীর সদস্যরা হামলায় আহত হলেও শ্রমিকদের ওপর যথাসম্ভব বল প্রয়োগ থেকে বিরত রয়েছেন। শ্রমিকদের কোনো ন্যায্য দাবি থাকলে সরকার তা শুনতে প্রস্তুত।
স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের আন্দোলন ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তাঁর মতে, মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হওয়ায় এখন আন্দোলনের প্রয়োজন নেই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189862