কাশিমপুর কারাগার থেকে পালানো আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৪ নভেম্বর) এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকলের সর্দার বাড়ি এলাকার আবু তালেবের ছেলে।
এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের নভেম্বরে চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আবু মোকারম। মামলার বিচার শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ওই বছরের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারের বন্দীরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি মই দিয়ে সীমানাপ্রাচীর টপকে বন্দীরা পালিয়ে যান। তাঁদের মধ্যে আবু মোকারমও ছিলেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করে।
এসআরবি-১১-এর দাবি, কারাগার থেকে পালানোর পর আবু মোকারম পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলার বিবরণে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক শত্রুতার জেরে আবু মোকারমসহ অন্য আসামিরা তাঁর বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন। ওই মামলায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন।
গ্রেপ্তার আবু মোকারমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189826