অনেকগুলো বউ ছেড়ে চলে গেছে : প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক : তিন দশকেরও বেশি সময় ধরে ওপার বাংলার চলচ্চিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। একসময় তাঁর অভিনয়েই বাংলা সিনেমার বক্স অফিসে ফিরেছিল প্রাণচাঞ্চল্য। দর্শকের কাছে ‘ইন্ডাস্ট্রি’ হিসেবেও পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।
পেশাগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বললেও ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন প্রসেনজিৎ। তবে দীর্ঘ সময়ে তাঁর ও অর্পিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। সেসব আলোচনা পেছনে ফেলে দুজন এখনো একসঙ্গেই রয়েছেন।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতার সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেন অভিনেতা। এ সময় রসিকতার ছলে নিজের আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী—ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’
প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। প্রথমে অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেন তিনি। এরপর অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে সংসার বাঁধলেও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। পরে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। দুই দশকের বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে সংসার করছেন। এই দম্পতির ছেলে মিশুক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189790