পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীর পল্লবীতে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণে প্রতিষ্ঠানের এক কর্মচারী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি প্রতিষ্ঠানটিতে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কার্যালয়ের সামনে প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কাজ করা এক কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর কুরিয়ার সার্ভিসটির সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানের একজন কর্মচারী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189784