বগুড়া সদরের ফাঁপোড়ে ব্রি-১০৩ ধানের প্রদর্শনী প্লটের শস্য আহরণ উদ্বোধন

বগুড়া সদরের ফাঁপোড়ে ব্রি-১০৩ ধানের প্রদর্শনী প্লটের শস্য আহরণ উদ্বোধন

শহর প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচড় ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদর্শনী প্লটে ব্রি-১০৩ জাতের ধান কর্তন ও শস্য আহরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উদ্ভাবিত এই জাতের পরীক্ষামূলক উৎপাদনের তথ্য যাচাই-বাছাইয়ের তথ্য উপস্থাপন করে কৃষিতে চাষীদের এই জাতের ধান চাষাবাদে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

উদ্বোধনের পরে চলমান রবি মৌসুমে করণীয় নিয়ে কৈচড় ব্লকের কৃষক, উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। কৃষি অধিদপ্তরের বগুড়া খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইছমত আরা, মাহফুজুল আলম ও লিড ফার্মার আব্দুস সালাম।

জেলা প্রশাসক বলেন, কৃষকদের উৎপাদনমুখী ও কর্মমুখী হতে হবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনভাবে কীটনাশক ও সার ব্যবহার করতে হবে। তিনি নারীদের উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থানের তাগিদ দেন এবং কৃষিতে তাঁদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। সরকারি ফ্যামিলি কার্ডের সহায়তা অপচয় না করে জমিয়ে হাঁস-মুরগি পালন ও বাড়ির পাশের পতিত জমিতে চাষাবাদে উদ্বুদ্ধ হতে বলেন। নিজের ছাদকৃষি ও শৈশবের স্মৃতিও তুলে ধরেন তিনি।

সভায় সাধারণ চাষি, কৃষি অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া অর্ধশত শিক্ষার্থী ও কৃষক, স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি এবং সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩৪ জন কর্মকর্তা অংশ নেন বলে জানান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189773