নন্দীগ্রামের উন্নয়নে নতুন ডাকবাংলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে--এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রামের উন্নয়নে নতুন ডাকবাংলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে--এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে জেলা পরিষদের অর্থায়নে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ডাকবাংলো চত্বরে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি বলেন, নন্দীগ্রামের উন্নয়নে সরকারি অবকাঠামো নির্মাণের পাশাপাশি জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।

নতুন ডাকবাংলো ভবনটি নির্মিত হলে সরকারি কাজে আসা কর্মকর্তা ও অতিথিদের আবাসন সুবিধা বাড়বে। এটি উপজেলার উন্নয়ন কর্মকান্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক এবং উপজেলা নির্বাহী অফিসার এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন এবং থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডাকবাংলো ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮৫৯ টাকা। চারতলা ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দোতলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189766