ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্কঃ  মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের প্রেমা রাওয়াত। ঘরোয়া টুর্নামেন্ট সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে মাত্র ১৪ বলে ফিফটি পূর্ণ করে নতুন ইতিহাস গড়েছেন উত্তরাখণ্ডের এই ২৪ বছর বয়সী অলরাউন্ডার।

হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন প্রেমা। তাঁর ঝোড়ো ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বল খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই অল্প সময়েই প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালান এই ভারতীয় ব্যাটার।

এর আগে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল যৌথভাবে তিনজনের দখলে। ১৫ বলে অর্ধশতক করেছিলেন ইংল্যান্ডের মেরি কেলি, পাকিস্তানের ফাতিমা সানা ও নিউজিল্যান্ডের লরা হ্যারিস। এবার তাঁদের ছাড়িয়ে ১৪ বলে ফিফটি করে এককভাবে রেকর্ডটির মালিক হলেন প্রেমা।

ম্যাচের ১৮তম ওভারে ব্যাটিংয়ে নেমে সাকসি রাওয়ের করা পরপর তিন বলে চার হাঁকান প্রেমা। পরের ওভারে ভানকা পুজার বলে দুটি ছক্কা ও একটি চার মারেন। এরপর ইনিংসের শেষ ওভারের শেষ চার বলে দুটি ছক্কা ও দুটি চার মেরে ১৪ বলে ফিফটির মাইলফলক স্পর্শ করেন তিনি।

প্রেমার ঝোড়ো ইনিংসের পাশাপাশি অধিনায়ক রাঘভি বিস্তের ৫০ বলে অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে উত্তরাখণ্ড। জবাবে হায়দরাবাদকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয় তুলে নেয় দলটি।

ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পর বল হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন প্রেমা। চার ওভার বোলিং করে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189747