জয়পুরহাটের ক্ষেতলালে বাসার টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী বাজার এলাকার ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে ওই বাসার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুবেল হোসেন কালাই উপজেলার মূলগ্রামের বাসিন্দা লালচান ওরফে মন্টুর ছেলে।
এলাকাবাসী জানান, রুবেল হোসেন পেশায় মাংস বিক্রয় কেন্দ্রের একজন কর্মচারী ছিলেন। প্রায় তিন মাস আগে ক্ষেতলাল উপজেলার করিমপুর ত্রিমূহনী বাজার এলাকায় আবু সাঈদের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। স্থানীয় হাট-বাজারে গরুর মাংস বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি একাই ওই ভাড়ার বাসায় থাকতেন। এ ছাড়া তার হৃদরোগের সমস্যাও ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। রুবেলের মহাজন মাংস বিক্রেতা সাহেব আলী বলেন, গত রোববার সন্ধ্যায় তারা একসঙ্গে চা পান করেন।
এরপর রুবেল বাসায় ফিরে যান। সোমবার বিকেলে তার খোঁজ নিতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ সময় তার শয়নকক্ষে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189742