এআইইউবিকে হারিয়ে এবিজি কাপের চ্যাম্পিয়ন ড্যাফোডিল

এআইইউবিকে হারিয়ে এবিজি কাপের চ্যাম্পিয়ন ড্যাফোডিল

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাঁধভাঙা গ্যালারির গর্জন আর ফুটবল রোমাঞ্চের চূড়ান্ত দৃশ্যপটে শেষ হাসির নাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৩-০ গোলের বড় ব্যবধানে গুঁড়িয়ে আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলের অনিন্দ্য সুন্দর ট্রফিটি নিজেদের করে নিয়েছে ড্যাফোডিল।

বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন ইউনুসা আবুবাকার, জুয়েল ও সেলিম।

 

মঙ্গলবার টুর্নামেন্টের জমকালো ফাইনালে বাঁশি বাজার পর থেকেই কিংস অ্যারেনার সবুজ গালিচায় ছড়িয়ে পড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তাপ।

হাজার হাজার শিক্ষার্থীর স্লোগান ও গগনবিদারী চিৎকারে চারপাশ কেঁপে উঠছিল পুরোটা সময়। মাঠের খেলায় প্রথম ১৫ মিনিট একচেটিয়া দাপট দেখায় ড্যাফোডিল।
একের পর এক তোপ দেগে অন্তত দশবার এআইইউবির গোলমুখে হানা দিয়ে এক হালি নিশ্চিত সুযোগ তৈরি করে তারা। বিপরীতে শুরু থেকেই রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল এআইইউবি।

 

ম্যাচের উত্তেজনা চড়মে পৌঁছায় ২০ মিনিটে। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এআইইউবির ১৮ নম্বর জার্সিধারী রাশেদুল ও ড্যাফোডিলের ১৬ নম্বর তানজিমকে। দু’দলই ১০ জনের দলে পরিণত হলেও ড্যাফোডিলের আক্রমণের ধার কমেনি। ৩১ মিনিটে ম্যাচের অচলাবস্থা ভাঙেন ইউনুসা। ১৫ নম্বর সালিসু দাউদার দুর্দান্তভাবে বাড়ানো বল ডি-বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে মাটি ঘেঁষা শটে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যাওয়া ড্যাফোডিল দ্বিতীয় অর্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৬৮ মিনিটে প্রতিআক্রমণ থেকে উপহার আসে ম্যাচের সবচেয়ে নজরকাড়া গোলটি। মাঝমাঠের কাছে বল পেয়ে একক প্রচেষ্টায় বেশ কিছু দূর ড্রিবলিং করে ডি-বক্সে ঢুকে পড়েন জুয়েল। এরপর চতুরতার সঙ্গে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি (২-০)।

দুই গোলে পিছিয়ে পড়ে এআইইউবি ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও ড্যাফোডিলের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি। উল্টো নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে এআইইউবির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেলিম। প্রথমার্ধের গোলদাতা ইউনুসার মাপা পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি। আর তাতেই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে বসুন্ধরা কিংস অ্যারেনা। দাপুটে জয়ে ট্রফি উঁচিয়ে ধরে উল্লাসে মাতোয়ারা হয় চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189740