শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা ও লছমনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর থেকে হঠাৎ করেই একটি পাগলা কুকুর ওই এলাকায় অস্বাভাবিকভাবে ছোটাছুটি শুরু করে। এসময় কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় ও আঁচড় দিয়েছে।
দুপুর দেড়টা পর্যন্ত কুকুরে কামড় দেওয়া অন্তত ৪৮ জন ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এরা হলেন- সদর উপজেলার সাপমারী এলাকার বাহেজ উদ্দিন (৭০), কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার মামুন (৩২) ও শেরীপাড়া এলাকার আবুল হোসেন (৫০)।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা চার বছর বয়সী শিশুর স্বজন মো. আব্দুল আলীম বলেন, পাগলা কুকুরটি আমার বাচ্চাকে ভোর ছয়টায় কামড়িয়েছে। আরেক রোগীর স্বজন জানান, বাড়ির সামনে মেয়ে শান্তভাবে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ পেছন থেকে এসে কুকুরটি পিঠে আঁচড় দেয়।
এদিকে কুকুরের কামড়ে আহত ৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. একেএম মাহমুদুল হাসান সোহাগ। এদের তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189739